মামলায় হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

জামালপুর-এ বিস্ফোরক আইনের একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন না পেয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৯ মার্চ) দুপুরে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতে তারা আত্মসমর্পণ করেন।
শুনানি শেষে বিচারক মোস্তাফিজুর রহমান তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে যাওয়া নেতাকর্মীরা হলেন-উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান খলিল, যুবলীগের সভাপতি হারুনুর রশিদ হারুন, গোয়ালেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন মণ্ডলসহ মনজুরুল, মোফাজ্জল, জুয়েল, সোহাগ, তোতা ফকির ও বাশেদ আলী।
মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর ইসলামপুর উপজেলার গোয়ালেরচর এলাকার বাসিন্দা মো. হাফিজুর রহমান বাদী হয়ে ইসলামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২০০ জনের অধিক আসামি করা হয়।
পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। ওই মামলায় অভিযুক্ত ১০ জন আসামি রোববার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।