প্রধানমন্ত্রীর হাতে ‘গুণী শিক্ষক পদক’র পর অধ্যক্ষকে শিক্ষার্থীদের সংবর্ধনা

বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘গুণী শিক্ষক সম্মাননা পদক’ প্রদান করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর ময়মনসিংহ বিভাগ থেকে এই মর্যাদাপূর্ণ পদক অর্জন করেছেন নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান।
পদক প্রাপ্তি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নেত্রকোনা সরকারি কলেজের হলরুমে শিক্ষার্থীদের পক্ষ থেকে তাকে এক বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান। তিনি নিজের গুণী শিক্ষক হয়ে ওঠার দীর্ঘ সংগ্রাম ও কষ্টের গল্প তুলে ধরেন। তিনি জানান, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দক্ষিণ কান্দাপাড়া গ্রামের এক অসচ্ছল কৃষক পরিবারে তার জন্ম। চরম আর্থিক অনটনের কারণে ছাত্রজীবনে তিনি কোনোদিন প্রাইভেট বা কোচিং করার সুযোগ পাননি। তা সত্ত্বেও ১৯৮৩ সালে এসএসসি পরীক্ষায় কেন্দ্রসেরা ফলাফল অর্জন করেন।
উচ্চমাধ্যমিকে ভর্তির পর আর্থিক সংকটে শহরে থাকার সুযোগ না হওয়ায় কলমাকান্দায় মামার বাড়িতে থেকে টিউশনি শুরু করেন। টিউশনির আয় দিয়েই নিজের পড়াশোনার পাশাপাশি সামলেছেন পরিবারের খরচ। পরবর্তীতে ময়মনসিংহের আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
এরপর ১৯৯৬ সালে ১৬তম বিসিএস (শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে নড়াইল সরকারি কলেজে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩০ বছরের শিক্ষাকতা জীবনে সর্বশেষ তিনি নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। নিজেকে ‘গুণী শিক্ষক’ হিসেবে নির্বাচন করায় তিনি প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের উদ্দেশে বলেন জীবনে যত প্রতিকূলতাই আসুক না কেন, ধৈর্য ও একাগ্রতার সাথে তা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা সরকারি কলেজ শাখার সার্বিক তত্ত্বাবধানে এই সংবর্ধনা অনুষ্ঠানটি আয়োজিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব অধ্যক্ষ প্রফেসর মো. আবু তাহের খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোনা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল কাদির ফকির, শিক্ষক পরিষদের সম্পাদক মো. মুখলেছুর রহমান আকন্দ, নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম।
নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শিহাব আহমদ। এতে কলেজের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
