৪০০ টাকার ভাড়া ১ হাজার, নাজেহাল যাত্রীরা

নির্বাচন উপলক্ষে টানা ৪ দিনের ছুটিতে গাজীপুরের পোশাক কারখানার শ্রমিকরা এখন ঘরমুখী। কিন্তু বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ একসঙ্গে বাড়ি ফেরায় গাজীপুরে চন্দ্রা ও এর আশপাশের সড়কে যানবাহনের চাপ তীব্র দেখা গেছে। এই সুযোগে যানবাহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় করছে। এতে যাত্রীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে যানজট দেখা দিয়েছে। এর আগে সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে চন্দ্রা-সফিপুর ও বাড়ইপাড়া প্রায় ১০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছিল। তবে পরিস্থিতি রাতে স্বাভাবিক হলেও সকাল থেকে ঘুরমুখো মানুষের ভিড় বাড়ছে। এতে আবারও যানজট দেখা দিয়েছে। একই অবস্থা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার, ভোগরা বাইপাস, চৌরাস্তা ও রাজেন্দ্রপুর এলাকায়।
শ্রমিকরা জানান, নির্বাচনের ছুটিতে ভোট দিতে তারা বাড়ি যাচ্ছেন। সন্ধ্যার পর থেকে দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত যানবাহন পাচ্ছিলেন না। তবে সকালে পরিস্থিতি স্বাভাবিক হলেও সুযোগ বুঝে যানবাহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া দাবি করছেন। ৮০০ টাকার নিচে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না।
এদিকে আজ সকাল আটটার দিকে ঢাকার সাভারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেন পোশাকশ্রমিক ও ঘরমুখী মানুষ। প্রায় দেড় ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়া থানার পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যান অবরোধকারীরা।
মহাসড়ক দায়িত্বরত ট্রাফিক পুলিশ জানিয়েছে, গাজীপুরের চন্দ্রা দিয়ে উত্তরবঙ্গে যাচ্ছেন শিল্প কারখানার শ্রমিকেরা। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রার আশপাশে যানবাহনের চাপ বেড়েছে। তবে ট্রাফিক পুলিশ মহাসড়ক সচল রাখতে এবং শ্রমিকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে তৎপর রয়েছে।
ছুটিতে বগুড়া যাচ্ছেন তাহমিদ হোসেন। তিনি বলেন, ‘আমরা ভোট দিতে বাড়ি যাওয়ার জন্য রওনা হয়েছি। চন্দ্রা থেকে ৪০০ থেকে ৫০০ টাকা ভাড়া। অথচ এখন ১ হাজার নিচে কেউ নিচ্ছে না। এভাবে চললে অনেকেই ভোট দিতে যাবে না। আমার নিজেরও এখন বাড়ি যেতে ইচ্ছে করছে না৷’
মনোয়ারা খাতুন নামে একজন বলেন, ‘একে তো যানজট এর মধ্যে স্বাভাবিক সময় থেকে ৫০০ টাকা ভাড়া বেশি নিচ্ছে। গাড়িওয়ালারা আমাদের হয়রানি করছে কিন্তু পুলিশ ও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
এ বিষয়ে নাওজোর হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম এশিয়া পোস্টকে বলেন, ‘ভোটের জন্য টানা কয়েকদিন ছুটি হয়েছে শিল্পকারখানা। সোমবার থেকেই মানুষ বাড়ির পথে ছুটেছে। এ জন্য মহাসড়কে মানুষ ও যানবাহনে চাপ সৃষ্টি হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় যেন করতে না পারে এ জন্য কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।’