logo

এক উঠানে ৯ মরদেহ, শোকের মাতম

এক উঠানে ৯ মরদেহ, শোকের মাতম

বাগেরহাটের মোংলায় সড়ক দুর্ঘটনায় মুহূর্তেই থেমে গেছে একটি পরিবারের আনন্দযাত্রা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাড়ি ফিরছিলেন বর। কিন্তু ঘরে পৌঁছানোর আগেই সড়কে শেষ হয়ে যায় সেই স্বপ্নের পথচলা। যে বাড়িতে নতুন বধূকে বরণ করার প্রস্তুতি চলছিল, সেখানে এখন নেমে এসেছে গভীর শোক।

শুক্রবার (১৩ মার্চ) সকালে মোংলা পৌরশহরের সাত্তার লেনের একটি বাড়ির উঠানে পাশাপাশি রাখা হয় নয়টি মরদেহ। স্বজনদের কান্না আর আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।

পরিবারের সদস্যরা জানান, খুলনার কয়রা উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন বর আহাদুর রহমান সাব্বির। পথে খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনায় নবদম্পতিসহ দুই পরিবারের মোট ১৩ জন নিহত হন। এর মধ্যে বর সাব্বিরের পরিবারের ৯ সদস্যের মরদেহ আনা হয়েছে মোংলার বাড়িতে। নববধূ মার্জিয়া আক্তার মিতু, তার ছোট বোন, দাদি ও নানির মরদেহ নেওয়া হয়েছে খুলনার কয়রা উপজেলায়।

গভীর রাতে খুলনা ও রামপাল থেকে মরদেহগুলো মোংলায় পৌঁছায়। স্বজনদের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জুমার নামাজের পর উপজেলা পরিষদ মাঠে নিহতদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে মোংলা পৌর কবরস্থানে তাদের দাফন করা হবে।

একটি বিয়ের আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হয়েছে শোকের ঘটনায়। যে বাড়িতে নতুন বধূকে বরণ করার প্রস্তুতি চলছিল, সেখানে এখন চলছে স্বজন হারানোর কান্না।