logo

নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যা

নরসিংদীর রায়পুরায় বাজার থেকে বাড়ি ফেরার পথে এক গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম (৫০) ওই গ্রামের মঙ্গল মিয়ার ছেলে। পেশায় তিনি গরু কারবারি ছিলেন। তার স্ত্রী লাভলী বেগম চরমধুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নারী সদস্য। 

চরমধুয়ার ইউনিয়নের চেয়ারম্যান আহসান শিকদার তথ্যটি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন।

ইউপি চেয়ারম্যান ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রফিকুল ইসলাম চরমধুয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলির শিকার হন। এ সময় কে বা কারা তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান এশিয়া পোস্টকে বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনাটি রাজনৈতিক ঘটনার জেরে ঘটেনি। প্রতিবেশীর পূর্বের পারিবারিক কলহের জের রয়েছে। তবে তদন্ত সাপেক্ষে কীভাবে, কারা ঘটিয়েছে নিশ্চিত হওয়া যাবে। হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে।’