২১ বছর পর কুমিল্লায় যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ২১ বছর পর কুমিল্লা সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে তারেক রহমানের এ সফর ঘিরে জেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।
রোববার (২৫ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম, সদর দক্ষিণ ও দাউদকান্দি উপজেলায় পৃথক তিনটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি।
বিএনপি নেতারা মনে করছেন, তারেক রহমানের এই সফর একদিকে যেমন দলীয় সাংগঠনিক ঐক্যকে আরও দৃঢ় করবে, অন্যদিকে আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীদের জন্য ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে।
কুমিল্লা-৬ সদর আসনের সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী ফুলতলী ডিগবাজি মাঠে মঞ্চ নির্মাণ, গাড়ি পার্কিংয়েরসহ সব আয়োজন চূড়ান্ত করা হচ্ছে বলে জানিয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম। একই চিত্র চৌদ্দগ্রাম ও দাউদকান্দিতে।
তিনি জানান, চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে জনসভা শেষে বিকালে কুমিল্লায় তিনটি সভায় অংশ নেবেন তারেক রহমান। বিকাল সাড়ে ৫টায় চৌদ্দগ্রাম, সন্ধ্যা ৭টায় সদর দক্ষিণের সুয়াগাজীর ফুলতলী মাঠ এবং সাড়ে ৭টায় দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরপর নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় ফিরবেন।
এদিকে দলীয় প্রধানের সফরকে ঘিরে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ বিরাজ করছে। তারেক রহমানকে এক নজর দেখা এবং হাত মেলানোর জন্য অধীর অপেক্ষায় রয়েছেন তারা।
নেতাকর্মীরা জানান, কুমিল্লায় তারেক রহমানকে তারা সরাসরি দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বরুড়া আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন জানান, তারেক রহমানের এই সফর শুধু কুমিল্লা নয়, পুরো দক্ষিণ-পূর্বাঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘদিন পর সরাসরি দলীয় প্রধানের উপস্থিতি দলের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ করবে। সফরটিকে সাফল্যমণ্ডিত করার জন্য সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
সবশেষ ২০০৫ সালের ফেব্রুয়ারি মাসে কুমিল্লা স্টেডিয়ামে ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন তারেক রহমান। অর্থাৎ দীর্ঘ দুই দশক পর আবার কুমিল্লা সফরে যাচ্ছেন তিনি।