খুলনায় বাড়িতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার, দম্পতি আটক

এশিয়া পোস্ট নিউজ, খুলনা
খুলনায় বাড়িতে পুঁতে রাখা মরদেহ উদ্ধার, দম্পতি আটক
মাটি খুঁড়ে উদ্ধার করা হয় মরদেহ। ছবি: এশিয়া পোস্ট

খুলনা নগরীর হরিণটানা থানা এলাকায় বাড়িতে মাটিতে পুঁতে রাখা একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ওই বাড়ির মালিক মুরাদ ও তার স্ত্রী ফাল্গুনীকে আটক করা হয়। পুলিশ জানায়, মরদেহটি তিন মাস আগে নিখোঁজ হওয়া এক ইজিবাইক চালকের।

সোমবার (১৩ জুলাই) সকাল ১০টার দিকে নগরীর মোস্তুর মোড়সংলগ্ন রেলক্রসিং এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রমজান মাসের শুরুর দিকে এক ইজিবাইক চালককে ভাড়া করার কথা বলে ওই বাড়িতে ডেকে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে খাবারের সঙ্গে অচেতন করার মতো কিছু খাওয়ানোর পর হত্যা করা হয়। এরপর মরদেহ বাড়িতে পুঁতে রাখা হয়।

আটক দম্পতি। ছবি কোলাজ: এশিয়া পোস্ট
আটক দম্পতি। ছবি কোলাজ: এশিয়া পোস্ট

পুলিশ জানায়, ওই ব্যক্তির ব্যবহৃত ইজিবাইক খুলনা সিটি করপোরেশনের নিবন্ধন নম্বর ছিল ১৬৭২। তাকে হত্যার পর ইজিবাইকটি খুলে বিভিন্ন যন্ত্রাংশ আলাদাভাবে বিক্রি করে দেওয়া হয়েছে বলে আটকদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য মিলেছে।

নিহত ব্যক্তির নাম গোলাম মোস্তফা মারুফ হতে পারে ধারণা করছে পুলিশ। তিনি মুজগুন্নী বা আশপাশের এলাকার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের পরিচয় নিশ্চিত, হত্যার উদ্দেশ্য এবং কারা জড়িত–তা উদঘাটনে কাজ চলছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

তিনি আরও বলেন , মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিষয় :খুলনা