পাবনায় চলন্ত ভটভটিতে আগুন

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সীমানার মাত্র ১০ মিটার দূরে খড়বোঝাই একটি ভটভটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে প্রকল্পের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, খড়বোঝাই ভটভটিটি রূপপুর মোড় থেকে ভেড়ামারার দিকে যাচ্ছিল। পথে চালক সিগারেট ধরানোর সময় তীব্র বাতাসে সিগারেটের আগুন গাড়িতে থাকা খড়ে ছড়িয়ে পড়ে। এতে খড়ে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সেনাবাহিনী ও ঈশ্বরদী ট্রাফিক পুলিশের সদস্যরা। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।