logo
Advertisement

জুলাই যোদ্ধাদের কর্মসূচির আগে বিস্ফোরণ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ
বগুড়া, রাজশাহী
জুলাই যোদ্ধাদের কর্মসূচির আগে বিস্ফোরণ
বগুড়ার সাতমাথা গোলচত্বরের দক্ষিণ পাশে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বিক্ষোভ কর্মসূচি শুরুর আগে বিস্ফোরণ। ছবি: এশিয়া পোস্ট

বগুড়া শহরের সাতমাথায় জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের বিক্ষোভ কর্মসূচি শুরুর ঠিক আগে পরপর দুটি বিকট শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হওয়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সাতমাথা গোলচত্বরের দক্ষিণ পাশে এই ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাস্থলে পটকা জাতীয় কিছু বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। তবে এটি উদ্দেশ্যপ্রণোদিত কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার পর থেকে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা সাতমাথার জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জড়ো হতে থাকেন। নির্ধারিত কর্মসূচি শুরুর কিছুক্ষণ আগে গোলচত্বরের দক্ষিণ পাশ থেকে বিকট শব্দ হয়। এরপরই সেখানে চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়। পরপর দুইবার এমন শব্দ হওয়ায় কর্মসূচিতে অংশ নিতে আসা মানুষ ও সাধারণ পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়।

জুলাই শহীদ আব্দুল আহাদ সৈকতের বাবা নজরুল ইসলাম বলেন, আমরা ৪০ থেকে ৫০ জন স্মৃতিস্তম্ভের সামনে ছিলাম। কর্মসূচি শুরুর আগেই গোলচত্বরের দিকে বিকট শব্দ হয় এবং ধোঁয়া দেখতে পাই। ঢাকার ঘটনার পর আমাদের কর্মসূচিকে লক্ষ্য করে কেউ এমন কিছু করেছে কি না, তা নিয়ে প্রথমে আতঙ্কিত হয়েছিলাম। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে।

জুলাই যোদ্ধা বগুড়া জেলার আহ্বায়ক জুলফিকার আলম বলেন, সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তির ঝটিকা মিছিলের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা সাতমাথায় জড়ো হয়েছিলেন। কর্মসূচি শুরুর ঠিক আগে গোলচত্বরের দিক থেকে বিকট শব্দ ও ধোঁয়া দেখা যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে এসে বিষয়টি খতিয়ে দেখতে শুরু করে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি পটকা জাতীয় কোনো কিছুর বিস্ফোরণ বলে মনে হচ্ছে। ঘটনাস্থল থেকে এ-সংক্রান্ত কিছু আলামতও উদ্ধার করা হয়েছে।

ওসি আরও জানান, প্রত্যক্ষদর্শী ও সিটি করপোরেশনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শব্দ হওয়ার পর এক তরুণ ও এক তরুণীকে সেখান থেকে দৌড়ে চলে যেতে দেখা গেছে। তাদের শনাক্তের চেষ্টা চলছে। শিশুদের ব্যবহার করে কেউ এই ঘটনা ঘটিয়েছে কি না বা এর পেছনে অন্য কারও মদদ রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে সাতমাথা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।