খুলনায় পৃথক অভিযানে ৩ শীর্ষ সন্ত্রাসীর সহযোগী গ্রেপ্তার

খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসীদের তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে সংঘবদ্ধ ডাকাতির মামলায় একজন, সাংবাদিক ও বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলিবর্ষণের মামলায় একজন এবং পাইপগান ও গুলিসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, হরিণটানা থানায় দায়ের করা সংঘবদ্ধ ডাকাতির মামলায় শীর্ষ সন্ত্রাসী হুমায়ুনের সহযোগী এমদাদুল হাওলাদার ওরফে জিহাদকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) খানজাহান আলী থানার ফুলবাড়ীগেট এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। ডাকাতির ঘটনায় জিহাদের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, নগরীর জাতিসংঘ পার্কের পাশে সাংবাদিক ও বিএনপির দপ্তর সম্পাদককে লক্ষ্য করে গুলিবর্ষণের মামলায় মো. আসাদুজ্জামান মিঠু (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিবি। সোমবার বিকেলে খালিশপুর থানার নতুন রাস্তার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, মিঠু শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র নেতৃত্বাধীন বি-কোম্পানির সদস্য। তার বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
এ ছাড়া বড় মির্জাপুর এলাকার ‘আমেনা মঞ্জিল’ নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে আলামিন হাওলাদার ওরফে শ্যুটার বেলুকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। সোমবার গভীর রাতে পরিচালিত ওই অভিযানে তার কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও তিন রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়।
সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার শ্যুটার বেলুও গ্রেনেড বাবুর ‘বি-কোম্পানি’র সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুক্তির বিনিময়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। তার বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় দুটি এবং ঢাকার শাহবাগ থানায় একটি মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



