বালু উত্তোলনে বাধা দেওয়ায় গোবিন্দগঞ্জে ইউএনওর ওপর হামলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে গিয়ে হামলার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা। এতে ভ্রাম্যমাণ আদালতের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে অভিযানের সময় হামলার বিষয়টি নিজেই নিশ্চিত করেন ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার ফুলবাড়ী ও দরবস্ত ইউনিয়নের কাটাখালি, হাতিয়াদহ, শাকপালা, বিশ্বনাথপুর ও চকরহিমাপুর, চাঁদপুর খলসী বোয়ালিয়া, সমসপাড়া এলাকায় করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত চারটি মেশিন ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত।
পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিশ্বনাথপুর এলাকায় ড্রেজার মেশিন ধ্বংসের সময় বাঁধের ওপর থেকে ‘বালুদস্যুরা’ ইউএনও সৈয়দা ইয়াসমিন সুলতানাসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের ওপর ইট-পাটকেল ও গাছের ডাল নিক্ষেপ করে হামলা চালায়। এ সময় রাজু শেখ নামে এক শ্রমিক গুরুতর আহত হন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান ও অতিরিক্ত পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ইউএনওসহ ভ্রাম্যমাণ আদালতের সদস্যদের নিরাপদে উদ্ধার করে নিয়ে এসেছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


