logo
Advertisement

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
ময়মনসিংহ মেডিকেল। ছবি : এশিয়া পোস্ট

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম।

কমিটির প্রধান করা হয়েছে হাসপাতালের অধ‍্যাপক ডা গোলাম রহমানকে। কমিটির অন্য সদস্যরা হলেন- হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাইন উদ্দিন খান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহের সহকারী পরিচালক, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ও গণপূর্ত বিভাগের বিদ্যুৎ বিভাগের প্রকৌশলী।

উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম বলেন, সোমবার রাতেই তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় লিফল কট্রোল রুম অতিরিক্ত গরম হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করে ফায়ার সার্ভিস। ঘটনার সময় আগুন ছড়িয়ে পড়ে এবং প্রচন্ড ধোঁয়া বের হতে থাকে। পরে ফায়ার সার্ভিসের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন ও ধোঁয়া সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডের পর পরই সরেজমিন হাসপাতাল ঘুরে দেখা গেছে, শত শত রোগী হাসপাতাল চত্বরে অবস্থান করছেন। এর মধ্যে অনেক গুরুতর রোগীও রয়েছে। কারও হাত ভাঙা, আবার কারও মাথায় বেন্ডেজ- এমন রোগীদেরও হাসপাতালে দেখা গেছে। আতঙ্কে অনেক রোগীই কান্নাকাটি করছেন।