Advertisement

হবিগঞ্জে সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

এশিয়া পোস্ট নিউজ, হবিগঞ্জ
হবিগঞ্জে সোয়া কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
ছবি : এশিয়া পোস্ট

হবিগঞ্জের চুনারুঘাটে বালুর নিচে অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় প্রায় সোয়া কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ একটি ডাম্প ট্রাক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২৮ লাখ টাকা।

Advertisement

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাতে চুনারুঘাট উপজেলার চণ্ডীছড়া চা-বাগান এলাকায় এ অভিযান চালায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, ডাম্প ট্রাকে অবৈধ ভারতীয় পণ্য পরিবহন করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে চণ্ডীছড়া চা-বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায়। ভোর আনুমানিক ৪টার দিকে চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে ডাম্প ট্রাকটি সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি জব্দ করে তল্লাশি চালান।

তল্লাশিকালে ট্রাকভর্তি বালুর নিচে বস্তাবন্দী অবস্থায় অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, ফেসওয়াশসহ বিভিন্ন প্রসাধনসামগ্রী উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালানে ব্যবহৃত ডাম্প ট্রাকটিও জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, জব্দ করা মালামাল ও ট্রাক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।

হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। দেশের অর্থনীতি সুসংহত রাখতে চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। চোরাচালান বন্ধে তিনি সীমান্তবর্তী এলাকার জনগণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।