পটুয়াখালী/মাছের ঘেরে বিষ প্রয়োগে ৫০ লাখ টাকার মাছ নিধন

পটুয়াখালীর গলাচিপায় রাতের আঁধারে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৫০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে রুই ও তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির শত শত মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এ ঘটনায় দিশাহারা হয়ে পড়েছেন মৎস্য খামারি বাবুল খান (৫৫)।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের খারিজাম্মা গ্রামে এ ঘটনা ঘটে।
মৎস্য খামারি বাবুল খান জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং ঘের দেখাশোনার জন্য দুজন লোক নিয়োজিত রয়েছেন। বৃহস্পতিবার রাতে তারা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে ঘেরে গিয়ে দেখতে পান, সব মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এতে তার প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে বাবুল খান বলেন, আমার সঙ্গে কারও শত্রুতা থাকতেই পারে। কিন্তু আমার এই মাছের খামারটির কী দোষ করল? আমার সঙ্গে বিরোধ থাকলে সেটা আমার সঙ্গে করবে, মাছের সঙ্গে কেন?
স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, মাছ মরে ভেসে ওঠার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে শত শত রুই ও তেলাপিয়া মাছ মরে পানিতে ভাসতে দেখেন। এভাবে বিষ প্রয়োগ করে মাছ নিধন অত্যন্ত অন্যায় কাজ উল্লেখ করে তিনি বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ এশিয়া পোস্টকে মুঠোফোনে বলেন, আমরা ঘটনাটি জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। যারা দোষী, অবশ্যই তাদের আইনের আওতায় আনা হবে।
