logo

ঘন কুয়াশা চায়ের রাজ্যে, তাপমাত্রা ১১ দশমিক ৪

ঘন কুয়াশা চায়ের রাজ্যে, তাপমাত্রা ১১ দশমিক ৪

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে চায়ের রাজধানী মৌলভীবাজার জেলা। সেই সঙ্গে ভোর থেকে বইছে হিমেল হাওয়া। প্রচণ্ড শীতে কাঁপছে জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার পাহাড়, চা-বাগান, হাওরঘেরা এ অঞ্চলের মানুষজন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কমলগঞ্জের স্থানীয় সংবাদকর্মী সাদিকুর রহমান সামু শুক্রবার সকালে বলেন, ‘মোটরসাইকেল চালালে শীত আরও বেশি মনে হয়। একেবারে বুকে এসে বাতাসের ধাক্কা লাগে। তার ওপর বৃষ্টির ফোঁটার মতো রাত থেকে ঘনকুয়াশা। হাতের সমান দূরত্বও স্পষ্ট দেখা যায় না সকালবেলা।’

এদিকে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এ দুই উপজেলাই চা বাগানে ঘেরা। কমলগঞ্জের লাউয়াছড়া উদ্যান গাছ-গাছালিতে ভরপুর থাকায় আশপাশের চা বাগান এলাকা এমনিতেই সব সময় শীতল থাকে। এখানে শীত থাকে আরও বেশি তীব্র।

লাউয়াছড়া বনঘেঁষা কমলগঞ্জের ফুলবাড়ি চা বাগানের কয়েকজন শ্রমিক জানান, ‘কাজে যাওয়ার আগে ভোরবেলা বসে রাস্তায় আগুন পোহাতে হয়। ঠান্ডার কারণে মাটির ঘরেও থাকতে খুব কষ্ট হয়। হাত-পা মনে হয় কেটে যাচ্ছে। শীত তাদের কাছে দুর্ভোগের নাম।’

আবহাওয়া অফিস শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, ‘সিলেট বিভাগের মাঝে সবচেয়ে বেশি শীত এ অঞ্চলেই রেকর্ড হয়। প্রকৃতি ও পরিবেশগত কারণে এখানে অন্যান্য জায়গার তুলনায় ঠান্ডা বেশি।’