logo
Advertisement

সাভারে ‘হানিট্র্যাপ’ চক্রের এক নারীসহ আটক ৩

এশিয়া পোস্ট নিউজ, সাভার
সাভারে ‘হানিট্র্যাপ’ চক্রের এক নারীসহ আটক ৩
আটককৃতরা। ছবি: এশিয়া পোস্ট

সাভারে ‘হানিট্র্যাপ’ চক্রের ফাঁদে ফেলে জিম্মি করে অর্থ আদায় ও বেধড়ক মারধরের অভিযোগে এক নারীসহ ৩ জনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।

Advertisement

মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেডিও কলোনি ভাটপাড়া এলাকার জাহাঙ্গীর নামক ব্যক্তির মালিকানাধীন ‘মানসুরা ভিলা’র ৫ম তলার একটি ফ্ল্যাট থেকে তাদের আটক করা হয়।

ভুক্তভোগী জানান, গত ২৪ আগস্ট দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোর মাধ্যমে জলি ওরফে শৈলী সরদার নামের পূর্বপরিচিত এক নারী তাকে দেখা করার কথা বলে ভাটপাড়ার ওই ফ্ল্যাটে ডেকে নেন। ভুক্তভোগী সেখানে পৌঁছানোমাত্রই অন্ধকার কক্ষে ওত পেতে থাকা কয়েকজন যুবক তার ওপর চড়াও হয়। এরপর তাকে একটি কক্ষে আটকে রেখে শিকল ও রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে কাঠের রুল ও লোহার শিকল দিয়ে বেধড়ক মারধর করা হয়। পরবর্তীতে তাকে দিয়ে স্বজনদের ফোন করিয়ে পরিবারের কাছ থেকে দুই লাখ টাকা হাতিয়ে নেয় চক্রটি। এ ছাড়া জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে আরও ৫ লাখ টাকা দাবি করা হয়। সারারাত জিম্মি রাখার পর ২৫ আগস্ট ভোর ৫টার দিকে ঘটনাটি কাউকে না জানানোর শর্ত দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আমিন জানান, ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে ওই বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে এ ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে এক নারী ও তার স্বামীসহ মোট ৩ জনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ অপকর্মের পেছনে আর কারা জড়িত রয়েছে এবং গ্রেপ্তারকৃতদের পরিচয় যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।