ভ্যানে বোরকা পেঁচিয়ে মায়ের কোল থেকে ছিটকে প্রাণ গেল শিশুর

চিকিৎসা শেষে মায়ের কোলে চড়ে ভ্যানে বাড়ি ফিরছিল এক মাস ১০ দিনের শিশু রিফাত মিয়া। কিন্তু বাড়ি ফেরা হলো না তার। চলন্ত ভ্যানের চাকায় মায়ের বোরকা পেঁচিয়ে গেলে কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায় শিশুটি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কুড়পালা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত বরিশালের পাগলছড়া উপজেলার আমবৈলা গ্রামের মুস্তাফিজুর রহমান ও রিয়া বেগম দম্পতির একমাত্র সন্তান।
শিশুটির নানা কোটালীপাড়ার পূর্ণবতী গ্রামের ইলিয়াস হোসেন জানান, অসুস্থ রিফাতকে চিকিৎসার জন্য ঘাঘর বাজারে নিয়ে যান তার মা। চিকিৎসা শেষে ভ্যানে করে নানাবাড়িতে ফিরছিলেন তারা। পথে চলন্ত ভ্যানের চাকায় রিয়া বেগমের বোরকা পেঁচিয়ে গেলে শিশুসহ তিনি সড়কে ছিটকে পড়েন।
পরে স্থানীয় লোকজন মা ও শিশুকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক তন্ময় বাড়ৈ জানান, সড়কে পড়ে শিশুটির মাথায় আঘাত লাগে। এতে তার মৃত্যু হয়।

