পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত, ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজের পরীক্ষাকেন্দ্র কুমিল্লায় স্থানান্তরের সিদ্ধান্ত বাতিল করে ব্রাহ্মণবাড়িয়ায় বহাল রাখার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে সড়ক ও রেলপথ অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কুমারশীল মোড়ে গিয়ে শেষ হয়।
শিক্ষার্থীরা জানান, ২০২৪-২৫ ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এবং ২০২৪ সালের শেষ বর্ষের মোট ৩৭০ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেবেন। তাদের মধ্যে অন্তঃসত্ত্বা নারী, ছোট শিশুর মা ও চাকরিজীবীরাও রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া থেকে কুমিল্লার দূরত্ব, সড়কের বেহাল অবস্থা এবং যাতায়াতের বাড়তি খরচের কারণে কুমিল্লায় গিয়ে পরীক্ষা দেয়া নিয়ে তারা উদ্বিগ্ন।
শিক্ষার্থীদের অভিযোগ, পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত আগে জানানো হলে তারা সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারতেন। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী ও ছোট শিশুর মায়েদের জন্য অন্য জেলায় গিয়ে পরীক্ষা দেয়া অত্যন্ত কষ্টসাধ্য হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি ও মানবিক দিক বিবেচনায় পরীক্ষাকেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় রাখা উচিত। এ সিদ্ধান্ত বাতিল করে আগের মতো স্থানীয়ভাবে পরীক্ষা নেয়ার ব্যবস্থা করতে হবে। অন্যথায় দাবি আদায়ে সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি দেয়া হবে।
মানববন্ধনে সঞ্চালনা করেন মো. রুকন উদ্দিন। বক্তব্য দেন রাশেদ কবির আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া আইন ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক ইকরামুল হোসেন রকি, ইঞ্জিনিয়ার এনামুল হক, স্বর্ণালী আক্তার ও মাহমুদা আক্তারসহ অন্যরা।
এ সময় পরিষদের সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, চন্দন দাস, আমীর খসরু খাদেম প্রতীক, শাহ আরমান, শাহজামাল, ইমরান, রনি, আলামীন, মৃণাল ও দুর্জয় প্রধানসহ অন্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
