খুলনায় ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ

চাহিদা অনুযায়ী জ্বালানি তেল না পাওয়ায় খুলনার কেন্দ্রীয় পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে খুলনাসহ ১৫ জেলায় তেল উত্তোলন স্বেচ্ছায় বন্ধ রেখে কর্মসূচি পালন করেছে জ্বালানি ব্যবসায়ীরা।
শনিবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে জ্বালানি ব্যবসায়ীরা জ্বালানি তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখে এ কর্মসূচি পালন করছেন তারা। দুপুর ১২টায় খুলনা ট্যাংকলরি ওনার্স ভবনে জ্বালানি ব্যবসায়ী সংশ্লিষ্ট ৪টি সংগঠনের নেতাদের সমন্বয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠি হয়।
বৈঠকে মালিক সমিতির নেতারা জানান, আগে চাহিদা অনুযায়ী প্রতিটি ডিপো থেকে পর্যাপ্ত তেল সরবরাহ করা হতো। চলমান বৈশ্বিক সংকট দেখিয়ে বিপিসির নির্দেশে চাহিদা মোতাবেক তেল সরবরাহ করছে না।
বক্তারা বলেন, খুলনা বিভাগসহ ১৫ জেলায় প্রতিদিন অকটেন, পেট্রোল, ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের চাহিদা ৪০ থেকে ৪৫ লাখ লিটার, সেখানে খুলনার পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে ৯ লাখ লিটার। ফিলিং স্টেশন, এজেন্সি ও মালিকরা তিনটি তেল ডিপো থেকে দেড় লাখ হারে সাড়ে ৪ লাখ লিটার বৃদ্ধি করার প্রস্তাব দিলে বিপিসি সে প্রস্তাব না মানায় জ্বালানি ব্যবসায়ীরা স্বেচ্ছায় তেল উত্তোলন ও বিপণন বন্ধ করে দিয়েছেন।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সহসভাপতি শেখ মুরাদ হোসেন।