বিএনপি নেতার স্কুলে আত্মগোপনে থাকা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে হত্যা ও নাশকতার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহেল রানা ওরফে ‘ধর্ষণ রানা’কে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা কিন্ডারগার্টেন হাই স্কুল থেকে সাভার মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তিনি সেখানে পরিচয় গোপন করে একটি স্কুলে শিক্ষকতা করছিলেন।
জানা যায়, সোহেল রানা ওই স্কুলে নিজেকে শিক্ষক কিংবা মালিক হিসেবে পরিচয় দিতেন। তিনি স্থানীয় বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী ওয়াসীম মোল্লার ছত্রচ্ছায়ায় তার ‘খালাতো ভাই’ সেজে ছদ্মবেশে অবস্থান করছিলেন।
গ্রেপ্তারকৃত সোহেল রানা সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার একাধিক মামলাসহ তার বিরুদ্ধে প্রায় দেড় ডজন মামলা রয়েছে। সম্প্রতি গ্রেপ্তার হওয়া অন্য আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনেও মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা ওয়াসীম মোল্লা জানান, সোহেল রানা যে ছাত্রলীগের সভাপতি ছিলেন, তা তিনি জানতেন না। স্কুলে তো যে কেউ চাকরি করতেই পারে; সে গোপনে চাকরি করছিল। সে তো আর আমার বাসায় থাকেনি। যদি আমার বাসায় আশ্রয় নিত, তবেই আমার দায়বদ্ধতা থাকত। অপরাধী যেই হোক, তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান, আসামিকে আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হবে। নাশকতায় পৃষ্ঠপোষক ও অর্থ জোগানদাতা হিসেবে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে।
