logo

বিষপান করা সেই গৃহবধূর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

বিষপান করা সেই গৃহবধূর পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

বগুড়ার শিবগঞ্জে ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে স্বামীর বাধার মুখে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা গৃহবধূ গোলাপী বেগমের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৮ মার্চ) বিকেলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার বাড়িতে ঈদ উপহার ও নগদ অর্থ পৌঁছে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া নিয়ে স্বামীর বাধা ও গালমন্দে অভিমানে বিষপান করেন গোলাপী বেগম। পরে বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে গোলাপী বেগমের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার গ্রহণ করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার প্রতিনিধিরা তখনই গোলাপীর বাড়িতে গিয়ে পরিবারের পাশে দাঁড়ান এবং নিয়মিত খোঁজখবর নিতে থাকেন। পরে বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি গোলাপী বেগমের খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী রোববার প্রতিমন্ত্রী নিজেই প্রত্যন্ত গ্রামে গোলাপীর বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, নির্বাচনের পর শপথসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে তাকে ঢাকায় যেতে হয়েছিল। তবে তার প্রতিনিধিরা নিয়মিত গোলাপী বেগমের খোঁজখবর নিয়েছেন।

তিনি বলেন, ধানের শীষে ভোট দেওয়ার কারণে স্বামীর গালমন্দ সহ্য করতে না পেরে গোলাপী বেগম আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বিষয়টি অবগত হয়ে প্রধানমন্ত্রী গোলাপীর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গোলাপী বেগম, তার স্বামী, সন্তান ও নাতিদের জন্য ঈদের নতুন পোশাক, সেমাইসহ নগদ অর্থ তুলে দেওয়া হয়েছে। 

এ ছাড়া গোলাপী বেগমের পাশে সবসময় থাকার আশ্বাসও দেন তিনি। এ সময় স্থানীয় এলাকাবাসী প্রতিমন্ত্রীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং প্রধানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর জন্য দোয়া করেন।