logo

চিত্রা নদীতে মিলল নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ

চিত্রা নদীতে মিলল নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ
চিত্রা নদীর পাড়ে স্বজনদের আহাজারি। ইনসেটে অনিক মোল্যা ওরফে উসমান। ছবি : এশিয়া পোস্ট

নড়াইলের কালিয়ায় নিখোঁজের তিন দিন পর অনিক মোল্যা ওরফে উসমান (১৫) নামের এক কিশোর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার পেড়লিস্থান এলাকায় চিত্রা নদীর ত্রিমোহনা থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

Advertisement

নিহত অনিক মোল্যা নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের সাপু মোল্যার ছেলে। এ ঘটনায় আহত অপর ভ্যানচালক রিহাদ বিশ্বাস (১৫) কালিয়া উপজেলার সুমেরুখোলা গ্রামের আরবি বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, গত বুধবার (২৫ নভেম্বর) বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে পাশের রঘুনাথপুর বাজারে যায় অনিক। সে সময় পাশের গ্রাম সুমেরুখোলার ভ্যানচালক রিহাদ বিশ্বাসের সঙ্গে যাত্রী নিয়ে পেড়লিস্থানের দিকে যায় সে। এরপর থেকে ভ্যানসহ দুজন নিখোঁজ হন। ওই দিন রাতেই পেড়লিস্থান এলাকায় চিত্রা নদী থেকে মুমূর্ষু অবস্থায় রিহাদকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় অচেতন হয়ে চিকিৎসাধীন।

তিন দিন নিখোঁজ থাকার পর শনিবার দুপুরে একই এলাকা থেকে অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ভ্যান ছিনিয়ে নিতেই এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন নিহতের স্বজন ও পুলিশ। জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী দুই পরিবারের সদস্যরা।

এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন বলেন, দুপুরে জরুরি সেবা ৯৯৯-এ কলের মাধ্যমে তিনি জানতে পারেন, পেড়লিস্থানের চিত্রা নদীর মোহনায় একটি মরদেহ ভাসছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। নিহতের স্বজনেরা মরদেহটি অনিক ওরফে উসমানের বলে শনাক্ত করেন।

তিনি আরও বলেন, প্রাথমিক সুরতহালে অনিকের শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন পাওয়া গেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট