logo

ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহতের ঘটনায় বাহরাইনের রাজার শোক

ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি নিহতের ঘটনায় বাহরাইনের রাজার শোক

বাহরাইনের মিনা সালমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আবুল মহসিন তারেকের মরদেহ দ্রুত সময়ের মধ্যে পাঠানোর আশ্বাস দিয়েছে বাহরাইন সরকার। একই সঙ্গে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফা। এ ছাড়া বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রশিদ আল জায়ানি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে ফোন করে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, নিহত আবুল মহসিন তারেকের মরদেহ বাহরাইনে মানামার কিং হামাদ ইউনিভার্সিটি হাসপাতালে রাখা হয়েছে।

বাহরাইন ডিফেন্স ফোর্স ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ১ ও ২ মার্চ বাহরাইনের আকাশসীমায় ৬০টির বেশি ক্ষেপণাস্ত্র এবং ৩০টির বেশি ড্রোন হামলা হয়। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলা প্রতিহত করলেও একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মিনা সালমান বন্দরে নোঙর করা ‘স্টেনা ইমপারেটিভ’ নামক একটি জাহাজের ওপর পড়ে। সেখানে কর্মরত চট্টগ্রামের সন্দ্বীপের বাসিন্দা তারেক ঘটনাস্থলেই মারা যান। এই ঘটনায় আরও দুই বাংলাদেশি আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

তারেকের একমাত্র সন্তান তাসমিম তামান্না বলেন, ‘আমরা এখনো বাবার মুখটি দেখার সুযোগ পাইনি। দূতাবাস থেকে যোগাযোগ করে কাগজপত্র নিয়েছে। আমাদের একটাই চাওয়া, ফ্লাইট চালু হওয়া মাত্রই যেন বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।’

বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সারোয়ার জানিয়েছেন, দূতাবাস নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়া মাত্রই বিশেষ ব্যবস্থায় মরদেহ দেশে পাঠানো হবে।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানান, সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় তারেকের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। নিহতের পরিবার যেন কর্মস্থল থেকে প্রাপ্য সব বিমাদাবি ও বকেয়া দ্রুত পায়, তা বাহরাইন সরকার তদারকি করবে। আহত প্রবাসীদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সরকার সজাগ থাকবে।