logo

গাছ কাটার ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার

গাছ কাটার ঘটনায় বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা গাছ কেটে ফেলার মামলায় সদস্যপদ স্থগিত হওয়া উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে জাহাঙ্গীরের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়।

নিজের বাড়ির যাতায়াতের পথ সুগম করতে গত ৫ আগস্টের পর থেকে ধাপে ধাপে মিঠামইনের কামালপুর এলাকায় নদীভাঙন রোধে রোপণ করা ২০টি গাছ কেটে ফেলেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি জানান, জাহাঙ্গীর আলমের বাড়িতে প্রবেশ করতে হলে বাঁধের ওপর দিয়ে যেতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলে কিছুটা সমস্যা হওয়ায় ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে একে একে গাছ কাটা শুরু করেন। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়। বৈদ্যুতিক করাত ব্যবহার করে গাছের গুঁড়ি কেটে ফেলা হয় এবং পরে সেগুলো সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়।

এই ঘটনায় আঙ্গুর মিয়া নামে এক গাছ কাটা শ্রমিকের নাম উল্লেখ এবং অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে মামলা করেন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ফয়জুর রাজ্জাক। ওই মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।