বন্ধুর সঙ্গে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, একদিন পর মিলল লাশ

শেরপুরের শ্রীবরদীতে পুকুর থেকে কালু মিয়া (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের নলিয়ারপাড় এলাকার স্থানীয় হাশেম মিয়ার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত কালু মিয়া উপজেলার কুড়িকাহনিয়া দক্ষিণপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে। আটক বাদশা মিয়া একই এলাকার কমল মিয়ার ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, কালু মিয়া শনিবার দিবাগত রাতে বন্ধু বাদশা মিয়ার সাথে মাছ ধরতে যান। একদিন পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন সকালে নিহতের বন্ধু বাদশা মিয়াকে নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে রাস্তার পাশে পুকুরের কিনারায় মাথার কিছু অংশ দেখতে পান বন্ধু বাদশা মিয়া। পরে এলাকাবাসী ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরিবারের দাবি, কালু মিয়াকে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের বন্ধু বাদশা মিয়াকে আটকে রেখে পুলিশে দেন এলাকাবাসী।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে এবং তদন্ত কার্যক্রম চলছে। এটি হত্যাকাণ্ড কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।