সিলেটে নিজের স্কুলের সামনে অটোরিকশার ধাক্কায় শিক্ষক নিহত

সিলেট নগরের মিরের ময়দান এলাকায় স্কুলের সামনের সড়কে অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ আহমদ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুরাদ আহমদ নগরের মাছিমপুর এলাকার বাসিন্দা।
জানা গেছে, প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ে এসে পাঠদান করেন মুরাদ আহমদ। বেতনের চেক পেয়ে ১১টার দিকে ব্যাংকের উদ্দেশে বের হন। স্কুলের সামনে বাংলাদেশ বেতার গেটে সড়ক পার হওয়ার সময় একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে মুরাদ আহমদকে দুর্ঘটনাকবলিত অটোরিকশায় করেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।
নিহত মুরাদ আহমদের দুই মেয়ে রয়েছে। এর মধ্যে একজন ব্লু বার্ড স্কুলেই নবম শ্রেণিতে অধ্যয়নরত এবং অপরজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, মাত্র তিন মাস পর অবসরে যাওয়ার কথা ছিল মুরাদ আহমদের। হঠাৎ এমন মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।
তিনি বলেন, মরদেহ বিদ্যালয়ে নিয়ে আসা হবে, যাতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা শেষ শ্রদ্ধা জানাতে পারেন।
.png)






