logo

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে কৃষক নিহত, আটক ২

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধে কৃষক নিহত, আটক ২

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জেরে বোনজামাই ও ভাগ্নের মারধরে কেসমত আলী (৫৬) নামের এক কৃষক নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের বসন্তপুর জয়ন্তী নগর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সর্দারের ছেলে।

স্থানীয়রা জানান, কৃষক কেসমত আলীর সঙ্গে কয়েক বছর ধরে তার ছোট বোনজামাই নবছদ্দির জমি নিয়ে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে নবিছদ্দি ও কেসমত আলীর এ নিয়ে বাকবিতণ্ডা হয়। এরই এক পর্যায়ে নবিছদ্দি ও তার পরিবারের লোকজন কেসমত আলীকে পিটিয়ে গুরুতর আহত করে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ দিকে এ ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় উপজেলার বোয়ালিয়া গ্রাম থেকে আটক করা হয়েছে অভিযুক্ত নবিছদ্দি ও তার ছেলে রফিকুলকে।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারিয়া তাহসিন বলেন, কেসমত আলীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। আঘাতজনিত কারণ অথবা স্ট্রোকেও তিনি মারা যেতে পারেন। ময়নাতদন্তের রিপোর্ট পেলে সঠিক কারণ জানা যাবে।

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, হত্যার ঘটনায় আমরা দুজনকে আটক করেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে সে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।