লঞ্চের ধাক্কায় মৎস্য অভিযানের স্পিডবোট ডুবি, পুলিশ সদস্য নিখোঁজ

ভোলার লালমোহনে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মৎস্য বিভাগের অভিযানের একটি স্পিডবোট ডুবে গেছে। বুধবার (১৮ মার্চ) রাতে উপজেলার মঙ্গল শিকদার লঞ্চঘাট-সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্পিডবোটে থাকা সাতজনের মধ্যে ছয়জনকে জীবিত উদ্ধার করা গেলেও এক পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন। নিখোঁজ পুলিশ কনস্টেবলের নাম মো. ফখরুল। তিনি লালমোহনের মঙ্গল শিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।
মৎস্য বিভাগ ও পুলিশ জানায়, ইলিশের অভয়াশ্রমে অভিযান পরিচালনা করতে বুধবার সন্ধ্যার পরে মঙ্গল শিকদার লঞ্চঘাট থেকে একটি স্পিডবোট নিয়ে মৎস্য বিভাগের তিনজন ও চারজন পুলিশ সদস্য মেঘনা নদীতে যান। রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ওই ঘাটসংলগ্ন মেঘনা নদীতে যাত্রীবাহী কর্নফুলী লঞ্চ স্পিডবোটিকে ধাক্কা দেয়। এতে স্পিডবোটটি ডুবে যায়। ওই সময় একটি ট্রলার ছয়জনকে জীবিত উদ্ধার করলেও নিখোঁজ রয়েছেন পুলিশ কনস্টেবল ফখরুল। আর আহত কয়েকজনকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউর ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ পুলিশ সদস্যের সন্ধান করা হচ্ছে।