গুগল প্রোডাক্ট এক্সপার্ট অ্যাওয়ার্ডে প্রথম বাংলাদেশি মাহাবুব

প্রযুক্তির বৈশ্বিক অঙ্গনে বাংলাদেশের জন্য নতুন স্বীকৃতি এনেছেন ঢাকার কেরানীগঞ্জের সন্তান মাহাবুব হাসান। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি অর্জন করেছেন সম্মানজনক ‘গুগল প্রোডাক্ট এক্সপার্ট অ্যাওয়ার্ড’। গুগলের বিভিন্ন পণ্য ও সেবার ব্যবহারকারীদের স্বেচ্ছাসেবী সহায়তা দেওয়া এক্সপার্টদের নিয়ে আয়োজিত ‘গুগল প্রোডাক্ট এক্সপার্ট সামিট ২০২৬’-এর এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক আয়োজনে এ সম্মাননা পান তিনি।
গত ১৬ ও ১৭ সেপ্টেম্বর জাপানের টোকিওতে গুগল জাপান কার্যালয়ে অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী এই সামিট। দ্বিতীয় ও শেষ দিনে প্রোডাক্ট এক্সপার্টদের অবদানের স্বীকৃতিস্বরূপ ১১টি বিভাগে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে ‘সোশ্যাল হেল্প’ বিভাগে সেরা হন মাহাবুব হাসান। তার এই অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক গুগল স্বেচ্ছাসেবী কমিউনিটির পুরস্কারের তালিকায় প্রথমবার বাংলাদেশের নাম যুক্ত হলো।
গুগল প্রোডাক্ট এক্সপার্ট সামিটে গুগলের বিভিন্ন সহায়তা ফোরাম ও কমিউনিটিতে দীর্ঘদিন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা অভিজ্ঞ সদস্যরা অংশ নেন। ২০২৬ সালে তিনটি আঞ্চলিক পর্যায়ে সামিট আয়োজন করা হচ্ছে। মেক্সিকোতে প্রথম আয়োজনের পর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের এক্সপার্টদের নিয়ে টোকিওতে দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়। পরবর্তী আয়োজন স্পেনের বার্সেলোনায় হওয়ার কথা রয়েছে।
টোকিও সামিটে গুগল অ্যাকাউন্ট, গুগল ম্যাপস, ইউটিউব, গুগল ফটোজ, জেমিনি ও গুগল ওয়ানসহ বিভিন্ন সেবার ভবিষ্যৎ পরিকল্পনা, নীতিমালা ও ব্যবহারকারীদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা হয়।
গুগল প্রোডাক্ট এক্সপার্টরা গুগলের সরাসরি কর্মী নন। তারা নিজেদের দক্ষতা ও জ্ঞান কাজে লাগিয়ে বিভিন্ন গুগল পণ্য ব্যবহারকারীদের প্রযুক্তিগত সমস্যার সমাধানে স্বেচ্ছাসেবী সহায়তা দেন। মাহাবুবের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে আড়াই হাজারের বেশি সক্রিয় প্রোডাক্ট এক্সপার্ট ২০টিরও বেশি ভাষায় ৫০টিরও বেশি গুগল পণ্য নিয়ে ব্যবহারকারীদের সহায়তা করছেন।
প্রায় ১৫ বছর ধরে গুগলের বিভিন্ন প্ল্যাটফর্ম ও কমিউনিটির সঙ্গে যুক্ত মাহাবুব। ২০১১ সালে গুগল ম্যাপ মেকার প্ল্যাটফর্মের মাধ্যমে তাঁর স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু। পরে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত গুগল ডেভেলপার গ্রুপ ঢাকার কমিউনিটি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে ‘বাংলাদেশ লোকাল গাইডস’ কমিউনিটি প্রতিষ্ঠার সঙ্গেও যুক্ত হন তিনি এবং এখনো এর প্রতিষ্ঠাতা মডারেটর হিসেবে কাজ করছেন।
২০১৬ সাল থেকে গুগল প্রোডাক্ট এক্সপার্ট প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত মাহাবুব। ইউটিউব, গুগল ড্রাইভ ও গুগল অ্যাকাউন্টসহ বিভিন্ন সেবার সহায়তা ফোরামে দীর্ঘদিন অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ‘গুগল প্রোডাক্ট এক্সপার্ট অ্যাম্বাসেডর’ নির্বাচিত হন তিনি। ২০২৬ সালেও সেই স্বীকৃতি অব্যাহত রয়েছে।
২০১৬ থেকে ২০২৬ সাল পর্যন্ত গুগলের মাউন্টেন ভিউ, লন্ডন, বেঙ্গালুরু ও টোকিওসহ বিভিন্ন স্থানে আয়োজিত আন্তর্জাতিক সামিটে ১০ বার বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন মাহাবুব। এর আগে গুগল লোকাল গাইডস প্ল্যাটফর্মে অবদানের জন্য ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে আন্তর্জাতিক পুরস্কার পান তিনি। ২০২০ সালে ‘গাইডিং স্টার’, ২০২১ সালে ‘মিটআপ চ্যাম্পিয়ন’ এবং ২০২৫ সালে ‘অ্যাক্সেসিবিলিটি চ্যাম্পিয়ন’ হিসেবেও স্বীকৃতি পেয়েছেন।
টোকিওতে ‘সোশ্যাল হেল্প’ বিভাগে এবারের অ্যাওয়ার্ড তার দেড় দশকের স্বেচ্ছাসেবী কার্যক্রমের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখছেন মাহাবুব। তার এই অর্জনে আন্তর্জাতিক গুগল স্বেচ্ছাসেবী কমিউনিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও দৃশ্যমান হলো।
