Advertisement

গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামি নিহত, বাড়িতে আগুন

এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামি নিহত, বাড়িতে আগুন
মো. নুরুল ইসলাম ইরান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে হত্যা মামলার প্রধান আসামি মো. নুরুল ইসলাম ইরান গণপিটুনিতে নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৫ জুলাই) রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের পশ্চিম ভাটেরখীল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তার বসতবাড়িতেও আগুন ধরিয়ে দেয়। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ইরানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল ইরানের বিরুদ্ধে। গত ২০ জুলাই খোয়া যাওয়া ইয়াবাকে কেন্দ্র করে নাইম (৩০) নামে এক যুবককে তার বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন চালানো হয়। গুরুতর আহত অবস্থায় নাইমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ ঘটনার পর নিহত নাইমের বাবা মো. খোকন বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় ইরানকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা করেন।

এলাকাবাসীর ভাষ্যমতে, নাইমের মৃত্যুর সংবাদের পর এলাকায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। শনিবার নাইমের জানাজা শেষে উত্তেজিত জনতা প্রথমে ইরানের এক সহযোগীকে মারধর করে। পরে একটি ঘরে আত্মগোপনে থাকা ইরানকে খুঁজে বের করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর বিক্ষুব্ধ জনতা তার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়দের অভিযোগ, ইরান দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিলেন। কিছুদিন আগে শামীম নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তবে ইরানের এসব অপরাধমূলক কর্মকাণ্ডে পুলিশের কিছু সদস্যের মদদ ছিল বলে স্থানীয়দের অভিযোগ। তবে সে অভিযোগ স্বীকার করেনি পুলিশ।

নিহত ইরানের স্ত্রী খালেদা বেগম বলেন, ‘আমার স্বামী অপরাধী হলে আইনের মাধ্যমে তার বিচার হতো। কিন্তু আমাদের বাড়িঘর কেন পুড়িয়ে দেওয়া হলো?’

সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, নাইম হত্যা মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।

শনিবার রাতের গণপিটুনি ও অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।