logo

জমি কিনতে যাওয়া পথে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই

জমি কিনতে যাওয়া পথে অস্ত্র ঠেকিয়ে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই
ছিনতাইয়ের শিকার নারী শামসুন নাহার। ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রামের রাউজানে জমি কিনতে যাওয়ার পথে অস্ত্রের মুখে এক নারীকে জিম্মি করে ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কদলপুর নতুনহাট সংযোগ সড়কের বড়ুয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শামসুন নাহার কদলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। জমি নিবন্ধন করতে সাবরেজিস্ট্রি অফিসে যাওয়ার পথে তিনি ছিনতাইয়ের শিকার হন বলে অভিযোগ করেছেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর সূত্রে জানা গেছে, দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশায় করে আসা ৮ থেকে ১০ জন অস্ত্রধারী একটি সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করেন। ওই অটোরিকশায় ছিলেন শামসুন নাহার। তার ব্যাগে জমি কেনার জন্য নেওয়া ২৫ লাখ টাকা ছিল।

শামসুন নাহার বলেন, সাবরেজিস্ট্রি অফিসের দিকে যাওয়ার সময় হঠাৎ একটি মোটরসাইকেল তাদের অটোরিকশার সামনে এসে পথ আটকে দেয়। এ সময় পাশের আরেকটি মোটরসাইকেল থেকে দুজন নেমে অটোরিকশার চাবি ও চালকের মোবাইল ফোন নিয়ে যান। চালক বাধা দিলে তাদের একজন কোমর থেকে পিস্তল বের করেন। পরে আরেকটি মোটরসাইকেল থেকে দুজন এসে অস্ত্রের ভয় দেখিয়ে তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।

কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, আমি তাদের বলছিলাম, আমাকে মেরে ফেল, তবু আমার টাকা নিস না। কিন্তু আমার টাকাগুলো নিয়ে গেছে তারা। আমার ছোট ছেলের অনেক কষ্টে জমানো টাকা। সেই টাকা দিয়ে জমি কিনতে যাচ্ছিলাম। এখন আমি কী করব, জানি না।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করেছেন। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।