logo

চট্টগ্রামে বাসায় বিস্ফোরণ, এক পরিবারের তিনজন দগ্ধ

চট্টগ্রামে বাসায় বিস্ফোরণ, এক পরিবারের তিনজন দগ্ধ
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম নগরের হালিশহরের নিউ মুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলার বাসা ছবি : এশিয়া পোস্ট

চট্টগ্রাম নগরের হালিশহরের নিউ মুরিং আবাসিক এলাকায় একটি বাসায় বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানার নিউ মুরিং আবাসিক এলাকার ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

Advertisement

দগ্ধরা হলেন রিকশাচালক মো. আরিফ, তার স্ত্রী রাশেদা বেগম এবং তাদের তিন বছর বয়সি মেয়ে আরিফা বেগম। তাদের গ্রামের বাড়ি ভোলা জেলায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিট সূত্রে জানা গেছে, বিস্ফোরণে আরিফের শরীরের ৮৫ শতাংশ, রাশেদার ৫৫ শতাংশ এবং শিশু আরিফার ৩৫ শতাংশ পুড়ে গেছে। দগ্ধ স্বামী-স্ত্রীকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। শিশুটিও একই হাসপাতালে চিকিৎসাধীন।

ভবনমালিক হায়দার আলী জানান, রাতে বিকট বিস্ফোরণের শব্দ শুনে তিনি দ্রুত নিচতলায় যান এবং দরজা-জানালা ভাঙা অবস্থায় দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। হাসপাতালে যাওয়ার পথে আরিফ তাকে বৈদ্যুতিক পাখা বিস্ফোরিত হওয়ার কথা বলেছিলেন। তবে পরে বাসায় ফিরে বৈদ্যুতিক সংযোগ, পাখা ও টেলিভিশন অক্ষত অবস্থায় দেখতে পান হায়দার আলী।

ভবনমালিকের ভাষ্যমতে, ভবনের ছয়টি পরিবারের রান্নার জন্য বাইরে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির সরবরাহকৃত দুটি চুলা রয়েছে। ভবনের কোনো বাসায় গ্যাস সিলিন্ডার বা আরিফের ঘরে রান্নার কোনো চুলা ছিল না। প্রায় দুই মাস আগে বাসাটি ভাড়া নেওয়া আরিফ বাইরে থেকে কোনো বস্তু নিয়ে এসেছিলেন এবং সেটি খোলার সময় বিস্ফোরণ ঘটতে পারে বলে ধারণা করছেন তিনি।

এদিকে দগ্ধ আরিফের ভাই মো. শরীফ জানান, আলাদা বাসায় থাকায় খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে যান। চিকিৎসকদের বরাতে তিনি জানান, তার ভাই ও ভাবির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, তবে শিশুটির অবস্থা তুলনামূলক স্থিতিশীল।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম জানান, ঘটনার পরপরই বিষয়টি পুলিশ বা ফায়ার সার্ভিসকে জানানো হয়নি। বুধবার সকালে খবর পেয়ে বন্দর থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহের জন্য এলাকাটি ঘিরে রাখেন।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ঘটনাস্থলে বোমা বিস্ফোরণের কোনো আলামত মেলেনি। গ্যাস নাকি অন্য কোনো উৎস থেকে এই বিস্ফোরণ ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের একাধিক দল বিষয়টি নিয়ে কাজ করছে; প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত শেষে বিস্ফোরণের প্রকৃত কারণ জানা যাবে।