logo

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, সহিংসতায় ৪ জন আটক

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, সহিংসতায় ৪ জন আটক
সাভার-আশুলিয়ায় শ্রমিক সহিংসতায় ২ জন আটক করে নিয়ে যায় পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে টানা তৃতীয় দিনের মতো শ্রমিক অসন্তোষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ অন্তত ২৬৪টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। এর আগে সকাল থেকে আশুলিয়ায় তিনজন ও সাভার থেকে একজনকে আটক করে বলে জানান তিনি।

এছাড়াও বিকেলে শিল্পপুলিশ-১ এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৬৪টি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সোমবার সকালে সাভারের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এলাকায় তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। নিশ্চিন্তপুর এলাকার ‘নিউ এইজ’ পোশাক কারখানার শ্রমিকেরা ভেতরে কর্মবিরতি শুরু করেন এবং একপর্যায়ে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের ‘অনন্ত গার্মেন্টস’ এর সামনে এসে জড়ো হন। এর ফলে নিট এশিয়া, আল-মুসলিম, ট্রাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকেরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে নরসিংহপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া পিকার্ড বাংলাদেশ, আর্টিস্টিক ডিজাইন, জনরন সোয়েটার, ফেরারি গার্মেন্টস, ডেনিটেক্স, আনলিমা টেক্সটাইল, আল ইসলাম টেক্সটাইল ও জি কিউ ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন কারখানার সামনেও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

সংঘর্ষ ও সহিংসতার এসব ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা জেলার এক ঊর্ধ্বতন কর্মকর্তা এশিয়া পোস্টকে জানান, পুলিশ সকাল থেকে এখন পর্যন্ত মোট ৪ জন শ্রমিককে আটক করেছে। এর মধ্যে আশুলিয়া থেকে ৩ জন ও সাভার থেকে ১ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রয়েছে। মামলার প্রস্তুতিও চলছে।