হাসিনা বিশৃঙ্খলা না করলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আপত্তি নেই: হুমায়ুন কবির

ভারতে বসে শেখ হাসিনা বিশৃঙ্খলা না চালালে সম্পর্ক উন্নয়নে আপত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সিলেট সার্কিট হাউসে প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলার সদস্য ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বর্তমান সরকারের আন্তরিকতা থাকলেও এই ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ দেখছেন কি না প্রশ্নে হুমায়ুন কবির বলেন, ‘চ্যালেঞ্জ অবশ্যই আছে। তাদের দেশে (ভারতে) পালিয়ে আশ্রয় নিয়েছেন সন্ত্রাসী শেখ হাসিনা। সেখানে বসে যদি বাংলাদেশের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা না চালায়, এই বিষয়টি নিশ্চিত করতে পারলে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আমাদের আপত্তি নেই।’
তিনি আরও বলেন, দুই দেশের সম্পর্ক তখনই টেকসই হয় যখন জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক থাকে। বিগত ১৬ বছর বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল না। তাদের সম্পর্ক ছিল শেখ হাসিনার সঙ্গে। আমরা তাদের (ভারত) সঙ্গে টেকসই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি।
জ্বালানি সংকট মোকাবিলায় ভারত থেকে ডিজেল আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন, দেশের চাহিদা অনুযায়ী যেখানে ন্যায্যমূল্যে জ্বালানি পাওয়া যাবে সেখান থেকে কিনবে সরকার। এই ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট রাষ্ট্র আমাদের তালিকায় নেই।
হুমায়ুন কবির জানান, মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে প্রবাসীদের সমস্যা সমাধানে আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করছে। প্রবাসীদের ভিসা জটিলতা, ফ্লাইটের ব্যবস্থাসহ সব উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে।
এ সময় এমরান আহমদ চৌধুরী এমপি, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম প্রমুখ উপস্থিত ছিলেন।