logo

ভোট কিনতে গিয়ে ধরা জনতা দলের সেক্রেটারি

ভোট কিনতে গিয়ে ধরা জনতা দলের সেক্রেটারি

লালমনিরহাট-২ আসনে (কালীগঞ্জ ও আদিতমারী উপজেলা) জনতার দল মনোনীত প্রার্থীর পক্ষে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন দলটির ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ রায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে অর্থদণ্ড দেওয়া হয়। 

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের পাটিকাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

রবীন্দ্রনাথ রায় জনতা দলের দলগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এবং ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

অবশ্য রবীন্দ্রনাথের দাবি, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে।   

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট-২ আসনে ‘কলম’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন জনতার দলের প্রার্থী মো. শামীম কামাল। তার পক্ষে ভোট কিনতে বৃহস্পতিবার রাতে ৩-৪ জন কর্মী নিয়ে পাটিকাপাড়া এলাকায় গিয়ে ভোটারদের মাঝে টাকা বিতরণ করছিলেন রবীন্দ্রনাথ। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা ধাওয়া দিলে রবীন্দ্রনাথকে ফেলে কর্মীরা পালিয়ে যান। পরে টাকাসহ রবীন্দ্রনাথকে হাতেনাতে আটক করেন এলাকার লোকজন। 

খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহীদ ইশরাকের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। এ সময় দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৬’-এর ২৭ ধারা অনুযায়ী রবীন্দ্রনাথ রায়কে ২ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দণ্ডিত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করলে তাকে মুক্তি দেওয়া হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহীদ ইশরাক বলেন, নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রবীন্দ্রনাথ রায় এশিয়া পোস্টকে বলেন, বিএনপির নেতাকর্মীরা আমার ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে উল্টো আমার নামেই মিথ্যা অপবাদ দিচ্ছে। অত্যন্ত দুঃখজনক যে, আইনশৃঙ্খলা বাহিনী আমাকে উদ্ধার করলেও পরবর্তীতে একটি ভিত্তিহীন রায়ের মাধ্যমে আমাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে তথ্য-প্রমাণসহ প্রকৃত সত্য দেশবাসীর সামনে তুলে ধরবেন বলেও জানান তিনি।