৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় কারাগারে সাবেক জামায়াত নেতা

জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির নামে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আড়ালে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত আব্দুল ওয়াহেদ (৫৫) ওই সমিতির পরিচালক এবং মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায়।
এর আগে মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে র্যাব-১৪-এর একটি দল অভিযান চালিয়ে আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করে। সন্ধ্যায় তাকে মাদারগঞ্জ থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির ভুক্তভোগী গ্রাহকরা পরিচালকদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। ওই মামলাসহ আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে মোট ৮টি মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
ওই সমবায় সমিতিতে মোট গ্রাহকের সংখ্যা ১২ হাজার ৬৬১ জন এবং তাদের জমাকৃত আমানতের পরিমাণ ৩৯১ কোটি ৫৭ লাখ ৬৫ হাজার ৩৭৬ টাকা। সমিতিতে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠার পর আব্দুল ওয়াহেদকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়।
জামালপুর র্যাব-১৪, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার বিকেলে জামালপুর শহরের বাইপাস এলাকায় অভিযান চালিয়ে আব্দুল ওয়াহেদকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় জানান, র্যাব আসামিকে আটক করে মাদারগঞ্জ থানায় হস্তান্তর করার পর তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।



