logo

মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী

মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী

গাজীপুরের কালীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই শিক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ঢাকা বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ওই দুই শিক্ষার্থী। এ সময় অপর একটি ট্রাক তাদের চাপা দেয়।

নিহতরা হলো—নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা গ্রামের মুঞ্জুর আকন্দের ছেলে নোয়াইশির আকন্দ (১৬) ও একই এলাকার মো. মোশাররফের ছেলে মো. মিহাদ (১৬)। তারা দুজনই জিন্দা পার্কের ভেতরে অবস্থিত লিটল অ্যাঞ্জেলস সেমিনারি স্কুলের শিক্ষার্থী।

নোয়াইশির আকন্দ চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল এবং মিহাদ দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। মোটরসাইকেলটি চালাচ্ছিল জিন্দা পার্ক এলাকার মৃত কালামের ছেলে আজিজুল (১৭)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বাড়িতে চাপ দিয়ে গরু বিক্রি করিয়ে একটি মোটরসাইকেল কেনে আজিজুল। মঙ্গলবার বিকেলে ওই মোটরসাইকেল নিয়েই তিনজন ঘুরতে বের হয়। পরে ঢাকা-বাইপাস এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন দিয়ে উলুখোলার দিকে যাওয়ার সময় নাগরী ইউনিয়নের গলান দর্জিবাড়ি এলাকায় একটি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করে তারা।

এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে পেছনে বসা দুই শিক্ষার্থী সড়কে ছিটকে পড়ে। ঠিক তখনই পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তবে মোটরসাইকেল চালক আজিজুল অক্ষত রয়েছে।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পর মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।