মা-ভাইসহ জামিন পেলেন টিকটকার প্রিয়া

নেত্রকোনার আটপাড়া থানার একটি মামলায় ঢাকা থেকে গ্রেপ্তার আলোচিত টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান, তার মা ও ভাইয়ের জামিন মঞ্জুর করেছেন জেলা জজ ও দায়রা আদালত।
রোববার (৫ এপ্রিল) দুপুরে পুলিশ তাদের আদালতে সোপর্দ করলে জামিন মঞ্জুর করেন বিচারক।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সোহেল তালুকদার (এপিপি) এশিয়া পোস্টকে জামিনের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, গত বুধবার (১ এপ্রিল) তমা আক্তার নামে এক নারী বাদী হয়ে বাড়িতে অনধিকার প্রবেশ, মারধর, চুরি ও হুমকির অভিযোগে মামলা দায়ের করেন।
অভিযুক্ত প্রিয়া খান, তার ভাই স্বাধীন ও মা হাফসা আক্তার আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামের বাসিন্দা। বাদী তমা আক্তার একই গ্রামের মো. হারিছ মিয়ার মেয়ে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ তমা আক্তারের বাড়িতে প্রিয়া খান, ভাই স্বাধীন ও মা হাফসা আক্তার জোরপূর্বক ঢুকে পড়ে। বাড়িতে কেন এসেছে জিজ্ঞাসা করায় তমা আক্তারকে মারধর করে। মারধরের পর স্বর্ণালংকার ও টাকা চুরি করে হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে গত ১ এপ্রিল থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তমা আক্তার।
অভিযুক্ত প্রিয়া খানের মা হাফসা আক্তার জানান, পুলিশ টাকা খেয়ে তাদের নামে মিথ্যা মামলা দিয়েছে। টিকটকার বিপি ইমরানের যোগসাজশে অনেক চেষ্টা করেও জামিন আটকাতে পারেনি। কোনো হত্যা মামলার আসামিকেও এভাবে গ্রেপ্তার করে আনা হয় না। টাকা দিয়ে সত্যকে মিথ্যা বানানো যায় না।
এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়দুল আলম বলেন, গত ১ এপ্রিল তমা আক্তার নামে এক নারী আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ ভিত্তিতে তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।