logo

ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে জামায়াতের এমপি

ছাত্রদল নেতার সঙ্গে আওয়ামী লীগ নেতার মেয়ের বিয়েতে জামায়াতের এমপি
আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম মন্টু সংসদ সদস্য মাওলানা আবু তালিবকে খাবার পরিবেশন করছেন। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগের নেতার মেয়ের সঙ্গে ছাত্রদলের এক নেতার বিয়ের অনুষ্ঠান ঘিরে চলছে সমালোচনা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মাওলানা আবু তালিব। একই অনুষ্ঠানে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদের উপস্থিতিও আলোচনার জন্ম দিয়েছে।

গত বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলার ১১ নম্বর রাখালগাছি ইউনিয়নের বগেরগাছি গ্রামে এ বিয়ের আয়োজন করা হয়। রাখালগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম মন্টুর মেয়ে মেহেজাবিন ইসলাম তুলির সঙ্গে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহর বিয়ে অনুষ্ঠিত হয়।

বিয়ের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নতুন করে আলোচনায় আসে।

সেখানে দেখা যায়, আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম মন্টু নিজ হাতে সংসদ সদস্য মাওলানা আবু তালিবকে খাবার পরিবেশন করছেন। এরপর থেকেই স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিভাজনে উত্তপ্ত এলাকায় ভিন্ন মতাদর্শের নেতাদের একই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনেকের কাছেই বিস্ময়কর মনে হয়েছে। কেউ এটিকে সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করছেন।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মারুফ বিল্লাহ বলেন, কোনোসংবিধানে বা কোনো আইনে কি লেখা আছে যে, অন্য দলের কারও মেয়েকে বিয়ে করা যাবে না? বিয়ে একটি সামাজিক বন্ধন। এটা নিয়ে যারা নোংরামি শুরু করেছে তাদের মানসিকতাই নোংরা।

সংসদ সদস্য মাওলানা আবু তালিব বলেন, রাখালগাছি ইউনিয়নে আমার গ্রামের বাড়ি। সামাজিক সম্পর্কের কারণেই অনুষ্ঠানে গিয়েছি।