পেকুয়ায় পুত্রবধূকে বাঁচাতে যাওয়া বৃদ্ধকে কুপিয়ে খুন

এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
পেকুয়ায় পুত্রবধূকে বাঁচাতে যাওয়া বৃদ্ধকে কুপিয়ে খুন
মানচিত্রে কক্সবাজার। স্বত্ত্ব: এশিয়া পোস্ট গ্রাফিক্স

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পুত্রবধূকে বাঁচাতে যাওয়া ৭৫ বছর বয়সি আবু তাহের নামে এক বৃদ্ধকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে।

Advertisement

শনিবার (২৭ জুন) দুপুরে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই বৃদ্ধ মারা যান।

নিহত আবু তাহের পেকুয়া উপজেলার মগনামার হারুন মাতবরপাড়া মৃত আবদু ছাত্তারের ছেলে।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, বৃদ্ধের প্রবাসী ছেলের বাড়িতে স্থানীয় সংঘবদ্ধ একটি গ্রুপ জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। এ সময় পুত্রবধূর চিৎকারে তাকে রক্ষায় এগিয়ে যান বৃদ্ধ। তার হাতে থাকা দা কেড়ে নিয়ে কুপিয়ে পাশের একটি পুকুরে ফেলে দেয় হামলাকারীরা। পরিবারের সদস্যরা পুকুর থেকে তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

নিহতের নাতনি তাসফিয়া বলেন, আমার দাদুকে প্রথমে হাতে কোপ দেওয়া হয়। পরে তাকে পানিতে ফেলে দেয়। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুছ চৌধুরী বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। গ্রাম পুলিশ নিয়ে জড়িতদের খোঁজার চেষ্টা করেছি। ভুক্তভোগী পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।

পেকুয়া থানার ওসি মেহেদি হাসান বলেন, জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।