logo

আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত

আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট স্থগিত

পটুয়াখালীর বাউফল উপজেলার লোহালিয়া নদীতে লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই একটি ট্রলার ডুবে দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনায় এমভি আওলাদ-৭ লঞ্চের রুট পারমিট সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। 

বুধবার (২৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. জাকী শাহরিয়ার।

এর আগে, এদিন ভোর রাত আনুমানিক ৩টার দিকে বাউফল উপজেলার বগা ইউনিয়নের বামনিকাঠী লঞ্চঘাট সংলগ্ন লোহালিয়া নদীতে ঢাকা থেকে পটুয়াখালীগামী এমভি আওলাদ-৭ লঞ্চের সঙ্গে একটি তরমুজবোঝাই ট্রলারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলারটি ডুবে যায়। ঘটনার সময় ট্রলারে ঘুমন্ত অবস্থায় থাকা দুই শ্রমিক নিখোঁজ হন। পরে কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নাসির ফকির (৩৬) ও রেজাউল হাওলাদার (৩৫)-এর মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ধারণা, ভোররাতের নদীতে ঘন কুয়াশার কারণে লঞ্চচালক ট্রলারটি দেখতে না পাওয়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এ বিষয়ে সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা মো. জাকী শাহরিয়ার বলেন, দুর্ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে বিআইডব্লিউটিএ’র প্রধান কার্যালয়ে জানানো হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনায় লঞ্চটির রুট পারমিট ও নির্ধারিত সময়সূচি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।