বেওয়ারিশ কুকুরের লড়াই থেকে দুই পক্ষের সংঘর্ষ

নড়াইলের কালিয়ায় বেওয়ারিশ কুকুরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন নারীসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের চর বল্যাহাটী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় বোরহান মোল্যার বাড়ির সামনে কয়েকটি দেশীয় কুকুর নিজেদের মধ্যে লড়াই করছিল। এ সময় বোরহান মোল্যা কুকুরগুলোকে তাড়িয়ে দিলে সেগুলো পাশের একটি পাটক্ষেতে গিয়ে ঢুকে পড়ে। পরে পাটক্ষেতের মালিক রমজান মোল্যা বিষয়টি দেখে ঘটনাস্থলে এসে বোরহান মোল্যার সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বোরহান মোল্যার পক্ষের তিনজন এবং রমজান মোল্যার পক্ষের দুজন আহত হন।
আহতদের মধ্যে মোসা. তানিয়া বেগম, মো.ইমরান মোল্যা ও শাহ আলম মোল্যা গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া মোসা. শিউলি বেগম ও আসমা বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।