মৌলভীবাজারে ২৪ ঘণ্টায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত, বাড়ছে নদ-নদীর পানি

মৌলভীবাজারে টানা বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। মঙ্গলবার থেকে জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
জেলায় গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার ৭ জুলাই সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা) ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার প্রধান প্রধান নদনদীর পানি হু-হু করে বাড়ছে; যা জেলাজুড়ে বন্যা পরিস্থিতির আশঙ্কা তৈরি করছে।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌলভীবাজারসহ সিলেট বিভাগের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্র জানয়, বৃষ্টিপাত অব্যাহত থাকায় ও উজানের পাহাড়ি ঢলে নদনদীর পানির স্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
বুধবার সকাল ৯টায় সর্বশেষ তথ্যানুযায়ী, জুড়ী নদীর পানির স্তর আগের চেয়ে বেড়েছে। বর্তমানে বিপৎসীমার ৮৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুশিয়ারা নদীর মৌলভীবাজারের শেরপুর অংশে পানি বিপৎসীমার ১০০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া ধলাই নদের পানিও ক্রমাগত বেড়ে বিপৎসীমার বেশ কাছাকাছি অবস্থান করছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলীদ বলেন, জেলাজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আমরা আগাম বন্যার প্রস্তুতি নিয়েছি। নদনদীর পানি অনেকটা বৃদ্ধি পেয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টিপাত অব্যাহত থাকবে।





