logo

সিরাজগঞ্জে হাত ধোয়ার বেসিন ধসে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে হাত ধোয়ার বেসিন ধসে ২ শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে করোনাকালীন সময়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত একটি হাত ধোয়ার বেসিন ধসে ২ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু।  

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শৈলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো—খোকশাবাড়ি ইউনিয়নের চর শৈলাবাড়ি গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রায়হান (৪) ও সজিব শেখের ছেলে সুমি (২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, করোনাকালীন সময়ে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের শালুয়াভিটা হাটে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর একটি হাত ধোয়ার বেসিন নির্মাণ করে। প্রতিদিনই ওই এলাকায় শিশুরা খেলাধুলা করে। খেলাধুলার একসময়ে বেসিনের ওপর উঠলে সেটি হঠাৎ ধসে পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় সানজিদা (৩) নামের আরেক শিশু গুরুতর আহত হয়। আহত শিশুটিকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে এ ঘটনায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্মিত বেসিনটি নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় ধসে পড়েছে বলে স্থানীয়রা অভিযোগ করছেন।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।