হামের উপসর্গ নিয়ে মমেক হাসাপাতালে আরও এক শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে ১৬ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ২৭ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৬৫ শিশু।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ১৮ এপ্রিল ময়মনসিংহের ত্রিশাল থেকে ১০ মাস বয়সি শিশু ছেলেটিকে হামের উপসর্গ ও নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে যথাযথ চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এরইমধ্যে গতকাল বুধবার রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
তিনি বলেন, গত ১৭ মার্চ থেকে ২৩ এপ্রিল সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৪৮ শিশু ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে আরও ৪৭ শিশু। এ নিয়ে হাসপাতাল থেকে মোট ছাড়া পেয়েছে ৬৬৭ শিশু। তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের ৮ তলায় হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।