logo
Advertisement

৮ বছর পর ওসমানী বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট

এশিয়া পোস্ট নিউজ,সিলেট
৮ বছর পর ওসমানী বিমানবন্দরে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সালামএয়ারের ফ্লাইট। ছবি : এশিয়া পোস্ট

আট বছর পর আবারও বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট নামল সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর বিমানবন্দরটিতে বিদেশি এয়ারলাইনসের নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হলো।

Advertisement

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে সালামএয়ারের ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রীদের আনুষ্ঠানিকতা শেষে সকাল ৯টায় ২২৩ জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি মাস্কাটের উদ্দেশে সিলেট ছেড়ে যায়।

ফ্লাইট চালু উপলক্ষে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে সালামএয়ার। এতে ঢাকায় নিযুক্ত ওমানের ডেপুটি অ্যাম্বাসেডর ফাতেহা আহমেদ আল বালুশী, সালামএয়ারের চিফ কমার্শিয়াল অফিসার স্টিভেন এলেন, বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এম এ লতিফ শাহরিয়ার জাহিদী এবং সিলেট বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সালামএয়ারের সিলেট এরিয়া ম্যানেজার সেলিম আল রাজী।

এর আগে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম বিদেশি এয়ারলাইন্স হিসেবে ২০১৫ সালের ১ এপ্রিল ফ্লাইট পরিচালনা শুরু করে দুবাইভিত্তিক ফ্লাইদুবাই। ২০১৮ সালের সেপ্টেম্বরে এয়ারলাইন্সটির সিলেটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে দেয়। এরপর দীর্ঘ আট বছর কোনো বিদেশি এয়ারলাইন্স সিলেট বিমানবন্দর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করেনি।

আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচিত হলেও দীর্ঘদিন বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট না থাকায় ওসমানী বিমানবন্দর অনেকটা দেশীয় এয়ারলাইন্সনির্ভর হয়ে পড়ে। এবার মাস্কাট থেকে সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে সেই পরিস্থিতির পরিবর্তন হতে যাচ্ছে।

সালামএয়ারের পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে সপ্তাহে তিন দিন মাস্কাট–সিলেট রুটে সরাসরি ফ্লাইট চলাচল করবে। আগামী মাসে তা বাড়িয়ে সপ্তাহে পাঁচ দিন এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে সপ্তাহের সাত দিন ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে এয়ারলাইন্সটির।

সালামএয়ারের পর চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এয়ার আরাবিয়া ও ফ্লাইদুবাইসহ আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট পুনরায় চালুর ফলে সিলেটের সঙ্গে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের সরাসরি আকাশ যোগাযোগ বাড়ার পাশাপাশি প্রবাসী যাত্রীদের যাতায়াত আরও সহজ হবে।