খেলাধুলার মাধ্যমে মেধা-মননের সংস্কার হবে: শিক্ষামন্ত্রী

খেলাধুলার মাধ্যমে সন্তানদের মেধা-মননের সংস্কার হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, আমরা চাই বছরজুড়ে আমাদের ছেলে-মেয়েরা খেলাধুলা ও পড়ালেখায় ব্যস্ত থাকবে। ভবিষ্যৎ প্রজন্ম নতুন জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে আমাদের তুলে ধরবে, এই বিশ্বাস রয়েছে।
শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে এহছানুল হক মিলন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নতুন কুঁড়ি কালচারের মাধ্যমে এভাবে সারা দেশে অনুষ্ঠান শুরু করেছিলেন। সেখান থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হয়ে আসছিল। আজকে তারই ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে সারা দেশে মেধাবীদের খুঁজে বেড়াচ্ছেন।
বাংলাদেশিরা বিশ্বে খেলাধুলার ন্যায্য হিস্যা পায়নি জানিয়ে তিনি বলেন, আগামী দিনে যেন আমাদের হিস্যা বুঝে পাই, আমাদের সন্তানরা যাতে বিশ্বমানের খেলাধুলায় অংশ নিতে পারে, সেই দিকে লক্ষ্য রেখে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান শুরু করেছেন।
বিগত ফ্যাসিস্ট আমলে তরুণ প্রজন্মের অবক্ষয় ঘটেছিল মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেন, আমরা দেখেছি বিগত দিনে সামাজিকভাবে আমাদের তরুণ প্রজন্মের অবক্ষয় ঘটেছিল। তারা মাদকাসক্ত হয়েছিল। ফ্যাসিস্ট সরকার এই বিষয়ে কোনো কার্যকর প্রদক্ষেপ নেয়নি।
তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় এর মধ্যে প্রাথমিক, মাধ্যমকি, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। খেলাধুলার এই ধারা অব্যাহত থাকবে।
আগামী দিনে চাঁদপুরের সন্তানরা খেলাধুলায় এগিয়ে থাকবে, প্রত্যাশা শিক্ষামন্ত্রীর।
জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার সঞ্চালনায় ও
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।
বক্তব্য শেষে শিক্ষামন্ত্রী বেলুন উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর আগে সারা দেশে একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাকৃতিক দুর্যোগের কারণে ওই অনুষ্ঠানে চাঁদপুর জেলা সংযোগ থাকতে পারেনি।