logo

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে পোশাকশ্রমিকের মাইকিং

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে পোশাকশ্রমিকের মাইকিং
কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেওয়ার জন্য মাইকিং করেছেন পোশাকশ্রমিক কবির মিয়া (বায়ে)। ছবি : এশিয়া পোস্ট

কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালের পোশাকশ্রমিক কবির হোসেন। মালিকের সন্ধান না পেয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করছেন তিনি। নিজেই অটোরিকশা চালিয়ে এলাকায় এলাকায় ঘুরে টাকার মালিককে খুঁজছেন এই শ্রমিক।

শুক্রবার (৬ নভেম্বর) ঘোড়াশাল বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে টাকার প্রকৃত মালিকের সন্ধান করতে দেখা যায় তাকে।

কবির হোসেন পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মো. আকবর আলীর ছেলে। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় পাওয়ারলুম শ্রমিক হিসেবে কাজ করেন। কুড়িয়ে পাওয়া টাকার সুনির্দিষ্ট পরিমাণ প্রকাশ না করলেও তার দাবি, টাকার অঙ্ক পাঁচ অঙ্কের ঘরে।

কবির হোসেন জানান, বাড়ি থেকে ঘোড়াশালে যাওয়ার পথে তিনি টাকাগুলো কুড়িয়ে পান। পরে প্রকৃত মালিকের সন্ধান করার চেষ্টা করেও তাকে খুঁজে পাননি। এ অবস্থায় মালিককে খুঁজে পেতে মাইকিং করানোর সিদ্ধান্ত নেন। নিজেই অটোরিকশা চালিয়ে বিভিন্ন এলাকায় ঘুরে এ প্রচার চালাচ্ছেন।

তিনি আরও জানান, প্রকৃত মালিককে টাকার সঠিক পরিমাণ ও প্রয়োজনীয় প্রমাণ দিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে, যাতে যাচাই করে টাকাগুলো ফেরত দেওয়া যায়।

কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিতে কবির হোসেনের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। টাকার প্রকৃত মালিককে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট