logo

দেশের মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে: শিবির সভাপতি

দেশের মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে: শিবির সভাপতি
ছবি : এশিয়া পোস্ট

দেশের মানুষ বর্তমানে চরম অনিশ্চয়তা ও অস্বস্তির মধ্যে দিন কাটাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বাজার নিয়ন্ত্রণে সরকারের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। সাধারণ মানুষের জীবনযাত্রা দিন দিন কঠিন হয়ে পড়লেও কার্যকর কোনো পদক্ষেপ দৃশ্যমান নয় বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার (২৯ মে) দুপুরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা ছাত্রশিবিরের আয়োজনে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ঈদকে কেন্দ্র করে দেশের মানুষ স্বস্তির পরিবর্তে দুর্ভোগের শিকার হয়েছে। সড়কে দীর্ঘ যানজট, অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া আদায় এবং দুর্ঘটনার কারণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি অভিযোগ করেন, কার্যকর উদ্যোগের অভাবে প্রতিবছরই সড়কে প্রাণহানির সংখ্যা বাড়ছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকার এখনো দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, মানুষ যেন জীবনের ঝুঁকি নিয়েই বাড়ি ফিরছে। সড়কে শৃঙ্খলা না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। একদিনেই বহু মানুষের প্রাণহানির ঘটনা জাতিকে ব্যথিত করেছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহিতা খুব একটা দেখা যায় না।

দেশের অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে শিবির সভাপতি বলেন, সাধারণ মানুষের আয় বাড়ছে না, কিন্তু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়ত বেড়ে চলেছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সবচেয়ে বেশি সংকটে পড়েছে। বাজারে গিয়ে মানুষ প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে।

কোরবানির পশুর বাজার প্রসঙ্গে তিনি বলেন, অনেক খামারি সারা বছর কষ্ট করে পশু লালন-পালন করলেও বাজারে ন্যায্যমূল্য পাননি। ফলে তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। একই সঙ্গে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়ায় আগের তুলনায় পশু বিক্রিও কম হয়েছে ।

নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাদ্দাম বলেন, সমাজে অপরাধপ্রবণতা বাড়লেও বিচারহীনতার কারণে অপরাধীরা অনেক ক্ষেত্রে পার পেয়ে যাচ্ছে। ধর্ষণ, নির্যাতন ও হত্যার মতো ঘটনা বেড়ে যাওয়ায় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তিনি এসব ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।

তিনি আরও বলেন, যখনই দেশের বাস্তব সমস্যা নিয়ে কথা বলা হয়, তখন কিছু মহল অন্য প্রসঙ্গ সামনে এনে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করে। কিন্তু দেশের মানুষ এখন তাদের নিত্যদিনের সমস্যা, নিরাপত্তা ও অর্থনৈতিক দুরবস্থা নিয়েই বেশি চিন্তিত।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা প্রয়োজন। ক্ষমতার রাজনীতির পরিবর্তে জনকল্যাণমূলক রাজনীতিকে গুরুত্ব দিতে হবে। তিনি দাবি করেন, জামায়াত-শিবির জনগণের আস্থা অর্জনের জন্য ইতিবাচক ও নৈতিক রাজনৈতিক ভূমিকা রাখছে।

তিনি দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে বলেন, জাতীয় স্বার্থে সব দলকে বিভেদ ভুলে জনগণের কল্যাণে কাজ করতে হবে। দেশের স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য পারস্পরিক শ্রদ্ধাবোধ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে নড়াইল জেলা ছাত্রশিবির সভাপতি এস এম সালাউদ্দিন সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু এবং যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে মিলনায়তনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।