দক্ষিণ কোরিয়ায় সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।
নিহত হাসিবুর রহমান জয়পুরহাটের কালাই উপজেলার মহেশপুর গ্রামের নিজাবুল ইসলাম হিরোর বড় ছেলে। তিনি দক্ষিণ কোরিয়ার জেওনবুকের একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
হাসিবুরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বাবা নিজাবুল ইসলাম হিরো।
জানা যায়, শনিবার (২ মে) মধ্যরাতে ইলেকট্রিক স্কুটার চালিয়ে কাজ শেষে বাসায় ফিরছিলেন হাসিব। এ সময় দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তাকে লাইফসাপোর্টে রাখা হয়। তবে মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণে তার শারীরিক অবস্থার অবনতি হয়। রোববার (৩ মে) সকালে মারা যান তিনি।
হাসিবুরের মৃত্যুসংবাদে শোকের ছায়া নেমে এসেছে মহেশপুর গ্রামে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠছে চারপাশ। স্থানীয় বাসিন্দা মো. ফরিদুল ইসলাম বলেন, ‘হাসিবুর ছিল আমাদের গ্রামের গর্ব। ভদ্র, মেধাবী, স্বপ্নভরা একটি ছেলে। তার এমন অকালমৃত্যু মেনে নেওয়া যায় না। মনে হচ্ছে পুরো গ্রামটাই থেমে গেছে।’